মোঃমেহেদী হাসান, বগুড়া(আঞ্চলিক)প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের তিশিগাড়ী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার পর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জয়ারানী (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী বাবলা দাস (৩১) আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ারানী বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের বাসিন্দা, পেশায় ব্যাংক কর্মকর্তা বাবলা দাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবলা দাস তাঁর স্ত্রী জয়ারানীকে সঙ্গে নিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী খেতুর ধাম তীর্থস্থান দর্শন শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি শিবগঞ্জে ফিরছিলেন। পথে দুপচাঁচিয়ার তিশিগাড়ী এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে স্বামী-স্ত্রী দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জয়ারানীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত বাবলা দাসকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনায় জয়ারানীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিবগঞ্জের কিচক ইউনিয়নের বেলাই গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে গভীর শোক।
দুপচাঁচিয়া থানার এসআই মো. নাজমুল হক বিপিএম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
দেশ বাংলা টিভি ডেক্স